আজ (সোমবার, ১০ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৯০০ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ১০ হাজার ৮২১ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৯ জন। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ হয়েছে।
বোর্ডের ছয় জেলার মধ্যে পাশের হারে ফেনীর পরেই রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এ জেলায় ৭১.৫০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। কুমিল্লায় পাশের হার ৬৪.৭৮, লক্ষ্মীপুরে ৬৩.৯১ এবং চাঁদপুরে ৬৩.৬৩ শতাংশ। নোয়াখালীতে পাশের হার ৫৯.৯৮ শতাংশ।
ফেনী জেলার উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাশের হারে এগিয়ে রয়েছে ফেনী সদর। এ উপজেলায় ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ১৪৮ জন। পাশের হার ৭৭ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৯২ জন। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
আরও পড়ুন:
ছাগলনাইয়া উপজেলায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১ হাজার ২০৯ জন। পাশের হার ৭৬ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯১ জন। উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
দাগনভূঞা উপজেলায় ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ৮৫৮ জন। পাশের হার ৭১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৩১ জন। এই উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এছাড়া ফুলগাজী উপজেলায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৮৮৫ জন। পাশের হার ৭০ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৭ জন।
সোনাগাজী উপজেলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ১৬৫ জন। পাশের হার ৬৫ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ জন।
আরও পড়ুন:
জেলায় পাশের হারে তলানিতে রয়েছে সীমান্ত পরশুরাম উপজেলা। এ উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫৫৬ জন। পাশের হার ৫৫ দশমিক ১৬ শতাংশ, যা জেলার ছয় উপজেলার মধ্যে সর্বনিম্ন। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে পারেনি।
এদিকে জেলার সামগ্রিক ফলাফলের মধ্যে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ৫৬ শিক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছেন।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে অবস্থান ধরে রেখেছে। সেনা সদস্যদের নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অধ্যবসায় এ সাফল্যের অন্যতম কারণ।’
২০২৫ সালের এসএসসি পরীক্ষায়ও কলেজটির ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।




