ঈদে যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন করবে বিমান বাংলাদেশ

বিমানের উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান
বিমানের উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান | ছবি: এখন টিভি
0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিমানের আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটের যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ। আজ (রোববার, ২৪ মে) সংস্থাটির মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান মনে করে, যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উদ্যোগ যাত্রীদের মধ্যে আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং যাত্রীদের ঈদ যাত্রাকে আরও স্মরণীয় ও আনন্দঘন করে তুলবে বলে আশা করছে বিমান।

এ উপহার সামগ্রী ঈদের দিন যাত্রীদের মধ্যে বিতরণের লক্ষ্যে আজ বিমান বলাকা ভবনে একটি উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিমানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ কর্তৃক উপহার সামগ্রী সমূহ বিক্রয়সিসির মহাব্যবস্থাপকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:

অনুষ্ঠানে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক গ্রাহক সেবা বদরুল হাসান লিটন এবং অতিথিরাসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে সম্মানিত যাত্রীদের উপহার সামগ্রী দিতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয় আন্তরিক ধন্যবাদ জানান।

এছাড়াও ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে বলেও জানায় সংস্থাটি।

বিমান আরও জানায়, ঈদের দিন দায়িত্ব পালনরত বিমানের সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে যাতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও সমভাবে ভাগাভাগি করা যায়।

এসএইচ