অ্যাসিকুডা ওয়ার্ল্ডের সঙ্গে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন

জাতীয় রাজস্ব বোর্ড ভবন
জাতীয় রাজস্ব বোর্ড ভবন | ছবি: সংগৃহীত
0

পণ্য আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক কর্তৃক ইস্যুকৃত কমার্শিয়াল ইনভয়েসকে সব বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এক ও অভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফএক্সটিএমএস) হতে রিয়েল টাইম ভিত্তিতে অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পাঠানোর উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে সিস্টেম দু’টির আন্তঃসংযোগ স্থাপন করেছে।

এরই মধ্যে উক্ত আন্তঃসংযোগের ইউজার অ্যাক্সেপ্টেন্স টেস্ট সম্পন্ন হয়েছে এবং আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) হতে পাইলটিং কার্যক্রম শুরু করা হয়েছে। সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ আজ এ আন্তঃসংযোগ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আন্তঃসংযোগ স্থাপনের পূর্বে ব্যাংক কর্তৃক প্রত্যায়িত কমার্শিয়াল ইনভয়েসসমূহ কাস্টমসের কাছে হার্ডকপি দাখিল করতে হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের এফএক্সটিএমএস (FxTMS) থেকে রিয়েল টাইম ভিত্তিতে অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কমার্শিয়াল ইনভয়েসের সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। তাই কাস্টমস অফিসে গিয়ে কমার্শিয়াল ইনভয়েসের হার্ডকপি দাখিল করতে হবে না।

আরও পড়ুন:

এনবিআর জানায়, এফএক্সটিএমএস (FxTMS) এবং অ্যাসিকুডা (Asycuda) সিস্টেমের আন্তঃসংযোগের ফলে কমার্শিয়াল ইনভয়েস যাচাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক হবে, কাগজপত্রের ওপর নির্ভরতা হ্রাস পাবে, রাজস্ব ফাঁকির প্রচেষ্টা প্রতিহত করার মাধ্যমে রাজস্ব সুরক্ষিত হবে, রাজস্ব ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে, ট্রেডবেইজড মানি লণ্ডারিং হ্রাস পাবে এবং পণ্য মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য ডাটাবেইজ তৈরি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বিল অব এন্ট্রিতে আবশ্যিকভাবে কমার্শিয়াল ইনভয়েস সংযোজন কার্যক্রম গ্রহণ করা হবে। সব বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কার্যক্রম পেপারলেস কাস্টমস ব্যবস্থা প্রবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসএইচ