নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো. কাজল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি জানান, প্রথমে নিহতের পরিচয় শনাক্ত না করা গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত বা কী কারণে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি বলেও জানানো হয়।





