আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দু’টি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী পৃথক দু’টি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান দু’টি কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপসংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে দু’টি কাঠের বোট বিচিং করে পালিয়ে যায়।
আরও পড়ুন:
পরে বোট দু’টিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে গতকাল (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





