উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ১৬ বোতল রয়েল গ্র্যাইন হুইসকি, ১৫ বোতল রয়েল স্ট্যাগ হুইসকি এবং ১৪ বোতল ম্যাজিক মোমেন্টস গ্র্যাইন ভদকা। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন পুরাতন হাসপাতাল রোডের দীপ কম্পিউটার অ্যান্ড কার্ড সেন্টারের সামনে এক ব্যক্তি বিদেশি মদ বিক্রির উদ্দেশে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে রাত সাড়ে ৭টার দিকে সেখানে এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিজয় মোদককে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে তল্লাশি করে ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৭৫ মিলিলিটারের ছয় বোতল রয়েল গ্র্যাইন হুইসকি উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
জিজ্ঞাসাবাদে বিজয় মোদক জানান, মৌলভীবাজার পৌরসভার পশ্চিমবাজার খেয়াঘাট রোডের সাকের ও জালাল ভবনের তৃতীয় তলায় মা দুর্গা শঙ্খ ভান্ডারের গোডাউনে বিক্রির উদ্দেশে বিদেশি মদ সংরক্ষণ করা হয়েছে।
তার দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে গোডাউনের মালিক বিপুল দেবকে গ্রেপ্তার করা হয়। পরে বিজয় মোদক ও বিপুল দেবের দেখানো মতে গোডাউনে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ক্যারেট থেকে ৩৭৫ মিলিলিটারের ১০ বোতল রয়েল গ্র্যাইন হুইসকি ও ১৫ বোতল রয়েল স্ট্যাগ হুইসকি এবং একটি টিনের ট্রাংক থেকে ১৪ বোতল ম্যাজিক মোমেন্টস গ্র্যাইন ভদকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া বিপুল দেব ও বিজয় মোদক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে নিয়ে আসেন। পরবর্তীতে তারা পরস্পরের সহযোগিতায় বিক্রির উদ্দেশে ওই মদ সংরক্ষণ করে রাখতেন বলে জানিয়েছে।
আরও পড়ুন:
গ্রেপ্তারকৃত বিজয় মোদক মৌলভীবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরিরচর এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং বিপুল দেব সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, ‘তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত থেকে মাদক দ্রব্য এনে মৌলভীবাজার শহরের বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





