শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমান কুশসহ দুই ভারতীয় গ্রেপ্তার

গ্রেপ্তার ২ আসামি ও জব্দকৃত কুশ
গ্রেপ্তার ২ আসামি ও জব্দকৃত কুশ | ছবি: এখন টিভি
0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ ও ভারতীয় পাসপোর্টসহ আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫) নামের দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেল থেকে তাদেরকে আটক করা হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম বৃহস্পতিবার দুপুর ১টায় হজরত শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এসময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ওই দুই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

তাদের কাছ থেকে জব্দকৃত অন্যান্য সরঞ্জামগুলো হলো— ২টি ভারতীয় পাসপোর্ট, বিভিন্ন মানের ৫০০ ইউএস ডলার, ৫০০ মানের ২০টি ভারতীয় রুপি (মোট ১০ হাজার), ৩টি স্মার্টফোন ও ২টি বোর্ডিং কার্ড।

ডিএনসি জানায়, গ্রেপ্তার দুই আসামি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এসএইচ