নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সঙ্গে গোলাগুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার হওয়া দু’জন
গ্রেপ্তার হওয়া দু’জন | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বিদেশি পিস্তলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (শনিবার, ১৫ আগস্ট) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায় (তোলারাম কলেজ সংলগ্ন) আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বিকেলে আরবান স্কুলের সামনে সাত থেকে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ একটি দল। অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।

আরও পড়ুন:

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা আট রাউন্ড গুলি চালায়। এসময় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী জসিম (২৪) উরুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেয়া হয় বলে জানান তিনি।

এ ঘটনায় তিন পুলিশ আহত হয়। আহতরা হলেন— এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং পুলিশ সদস্য রাশিদুল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— জসিম (২৪), মোহন (২৩)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।

এসএস