আজ (শনিবার, ১৫ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।
গ্রেপ্তার দিনা ওরফে দিদার (৪০) সদর উপজেলার বরাই গ্রামের বাসিন্দা। অপর আসামী স্বাধীন (৪০) পলাতক আছেন।
ডিবি পুলিশ জানায়, গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযানিক দল অবস্থান করছিল। এসময় দিনা ওরফে দিদার পুলিশকে জানান, সদর উপজেলার বরাই গ্রামের রামপ্রসাদ ঘোষের বাড়িতে দু’টি পাইপগান রয়েছে।
আরও পড়ুন:
তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে তাকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ ঘোষের বাড়িতে যায় ডিবি পুলিশ। সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও অস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছিলো না। একপর্যায়ে দিনা নিজেই বাড়ির উত্তরপাশে টয়লেটের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ বের করে দেন। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দু’টি পাইপগান পাওয়া যায়।
অস্ত্র উদ্ধারের পর পুলিশের সন্দেহ হয় দিনার ওপর। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশে দিনা ও তার সহযোগী স্বাধীন (৪০) পরিকল্পিতভাবে ওই দু’টি পাইপগান সেখানে পুঁতে রেখেছিলেন। এরপর নিজেরাই পুলিশকে খবর দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক সাজান।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাত ৪টা ৪০ মিনিটে দিনা ওরফে দিদারকে আটক করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে স্বাধীনকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও তিনি পলাতক রয়েছেন।
পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখা এবং পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে অন্য ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দিনা ওরফে দিদার ও স্বাধীনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’




