সমুদ্রের নীল জলরাশি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর উৎসবের বর্ণিল আয়োজনের সঙ্গে সৌন্দর্যচর্চা, ফ্যাশন ও আধুনিক লাইফস্টাইলের সমন্বয় ঘটাবে রিমার্ক-হারল্যানের স্টল। এখানে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড ও আকর্ষণীয় পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নান্দনিক ফটো বুথে ছবি তুলে ভ্রমণের স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে পারবেন।
রিমার্ক-হারল্যানের পণ্যসম্ভারে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকসের নানা আয়োজন। প্রতিষ্ঠানটির ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে লিলি, নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন, হারল্যানসহ বিভিন্ন ব্র্যান্ড।
ব্র্যান্ড ও পণ্যের বৈচিত্র্যের মধ্য দিয়ে কসমেটিকস ও পার্সোনাল কেয়ার খাতের আধুনিক ধারাকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বিভিন্ন উৎসব ও জনসমাগমভিত্তিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে ভোক্তাদের কাছে ব্র্যান্ড ও পণ্যের পরিচিতি বাড়ানোর উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন:
হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ আল হাবিব বলেন, ‘কার্নিভালে রিমার্ক-হারল্যানের স্টল ও ফটো বুথ হবে অন্যতম আকর্ষণ। উৎসবে ঘুরতে আসা পরিবার, তরুণ-তরুণী ও ভ্রমণপ্রেমীদের জন্য নান্দনিক পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে। সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো স্টল ও ব্যতিক্রমী ফটো বুথ পর্যটকদের ছবি তোলা এবং স্মরণীয় মুহূর্ত ধারণের সুযোগ করে দেবে।’
তিনি বলেন, ‘বিভিন্ন ব্র্যান্ডের সৌন্দর্য ও পার্সোনাল কেয়ার পণ্যকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করার পাশাপাশি পর্যটকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে এ আয়োজন। ভ্রমণ, সৌন্দর্যচর্চা ও বিনোদনের সমন্বয়ে দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরিই তাদের লক্ষ্য।’
কার্নিভাল আয়োজক কমিটির সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান বলেন, ‘টানা ছুটি ও কার্নিভাল মিলিয়ে এবার কুয়াকাটা সৈকতে পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম হতে পারে। বিপুলসংখ্যক পর্যটকের সম্ভাব্য উপস্থিতি সামনে রেখে সৈকতজুড়ে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারের আয়োজনে গতানুগতিকতার বাইরে বেশ কিছু নতুন আকর্ষণ থাকছে।’
কার্নিভালে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকছে চরাঞ্চল ভ্রমণের আয়োজন। এসব আয়োজনের সঙ্গে রিমার্ক-হারল্যানের নান্দনিক স্টল ও ফটো বুথ যুক্ত হয়ে উৎসবের বিনোদন ও লাইফস্টাইল অংশকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা আয়োজকদের।





