নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্বামী

আটক স্বামী ফরহাদ
আটক স্বামী ফরহাদ | ছবি: এখন টিভি
0

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

আজ (সোমবার, ২৭ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে জেলার ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। নিহত মুনিরা খাতুন ধামইরহাট থানারা অমরপুর গ্রামের মাসুদ এর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ মুনিরা খাতুন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার বোন মহসিনার সঙ্গে চিকিৎসা নেয়ার জন্য ধামইরহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তার স্বামী ফরহাদ গতকাল (রোববার, ২৬ জুলাই) ভোরে ঢাকা থেকে বাড়িতে আসেন। দীর্ঘদিন থেকে এ দম্পতির মধ্যে কলহ চলে আসছিলো।

আরও পড়ুন:

আরও জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি খবর পেয়ে স্ত্রীর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফরহাদ তার স্ত্রীর বুকে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এরপর গুরুত্বর আহতাবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। মরদেহের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।’

এসএইচ