আকাশে ‘শত্রুভাবাপন্ন’ হামলার শঙ্কা; রিয়াদে জরুরি সতর্কতা জারি করলো সৌদি

সানায় কাবার ব্যানারের সামনে এক হুথি যোদ্ধা
সানায় কাবার ব্যানারের সামনে এক হুথি যোদ্ধা | ছবি: এপি
0

আকাশে ‘শত্রুভাবাপন্ন’ সামরিক হামলার আশঙ্কায় রাজধানী রিয়াদসহ দেশজুড়ে জরুরি লাল সতর্কতা জারি করেছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে নতুন করে সংঘাত বৃদ্ধির পর রিয়াদে এটিই প্রথম এ ধরনের বড় সতর্কতা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার গভীর রাত ও শনিবার ভোরে জারি করা এই সতর্কতার পর রাজধানী রিয়াদে অন্তত একটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। জরুরি এই সতর্কতার সুনির্দিষ্ট কারণ বা বিস্ফোরণের উৎস সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে এর আগেও হুতিদের দিকে থেকে ধেয়ে আসা বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার তথ্য দিয়েছিল রিয়াদ।

একই দিন রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সৌদি আরব ও লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ১৫ সদস্যের এই পরিষদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুতিদের সামরিক তৎপরতা বিশ্ব বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। হুতিরা যাতে অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা না পায়, সে জন্য ইয়েমেনের ওপর থাকা আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে সব দেশকে আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

অন্যদিকে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হোসেন পেদ্রাম নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসফাহান প্রদেশের স্পর্শকাতর সামরিক ঘাঁটির গোপন তথ্য ইসরাইলের কাছে পাচার করার অপরাধে তার এই সাজা কার্যকর করা হয়। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ১২ দিনের যৌথ বিমান হামলার সময় ইসফাহানের ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছিল।

এএম