আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে চৌমুহনী পৌরসভার করিমপুরস্থ রূপসা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় আসামিদের ব্যবহৃত একটি কালো রঙের জিপ গাড়ি তল্লাশি করে গাড়ির পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের ভেতরে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে রাখা ছিলো। গ্রেপ্তার দু’জনের বাড়িই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
পুলিশ সুপার আরও জানান, আটক আসামি মো. পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদক নিয়ন্ত্রণে বেগমগঞ্জ থানা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





