নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুতকৃত ৯১০০ লিটার ডিজেল জব্দ

কারাদণ্ড ও অর্থদণ্ড পাওয়া সিফাত গাজী
কারাদণ্ড ও অর্থদণ্ড পাওয়া সিফাত গাজী | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ জরা হয়েছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তির দুই মাসের কারাদণ্ড ও নগদ ছয় হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বিকেল থেকে শুরু হওয়া এই অভিযান রাত ১০টা পর্যন্ত চলে।

অভিযান শেষে ভ্রম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুত করে রাখা ডিজেল জব্দ করি। এই ডিজেলের যে দায়িত্বে ছিলেন তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অনাদায়ে আরও ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে জব্দ করা ডিজেল মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই অপরাধের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়েছে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক।

এসএস