চট্টগ্রামে ভবন থেকে পড়ে ‘কিশোর গ্যাং’ সদস্যের মৃত্যু

নিহত মহিম
নিহত মহিম | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের আনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে মহিম নামে এক ‘কিশোর গ্যাং’ সদস্য নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাশেম কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. মহিমের বাড়ি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায়।

জানা গেছে, নিহত মো. মহিম স্থানীয় কিশোর গ্যাং ‘সম্রাট গ্রুপ’ এর সক্রিয় সদস্য। এর আগে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তিনি একাধিকবার গ্রেপ্তার হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহির তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হতে থাকে কিশোররা।

আরও পড়ুন:

এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয় নিহতের সঙ্গী ও স্বজনরা। কথা কাটাকাটির এক পর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগের দরজায় ঘুষি দিয়ে আঘাত করে ভেঙে ফেলে এবং হাসপাতালের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তার বাড়ির আধা কিলোমিটারের মধ্যে হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন:

নিহতের মা দাবি করেন, রাতে কিছু লোক তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। সকালে তার মৃত্যুর খবর পান। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে পুলিশ নিহত মহিমকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে তার সঙ্গী ও স্বজনরা হাসপাতালে জড়ো হতে থাকেন। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক যুবক জরুরি বিভাগের দরজা-গ্লাস ভাঙচুর করে।’

এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

এসএস