মৌলভীবাজারে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন; চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

আটক হওয়া যুবকরা
আটক হওয়া যুবকরা | ছবি: এখন টিভি
1

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদের মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ। গতকাল (সোমবার, ২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টায় চট্টগ্রামের খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরের সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ সরকার, সঙ্গীয় অফিসার এএসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল মো. মিলাদ আহমদ এবং জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল আহমদ পিপিএম-সহ যৌথ ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানে সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় চট্টগ্রাম থেকে এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়াকে (২১) গ্রেপ্তার করা হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, আজ (মঙ্গলবার, ৩ মার্চ) দুপুরে গ্রেপ্তার করা তিনজনকে রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

উল্লেখ্য, বুধবার (গত ২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে।

থানা সূত্র জানায়, বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এসময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশি আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বড়বোন সেলিনা জান্নাত সুমার অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজনগর থানায় ( মামলা নং-০৯, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) একটি হত্যা মামলা রুজু করা হয়।

এসএস