চট্টগ্রামে ভাইয়ের হাতে বোন খুন; রক্তাক্ত অবস্থায় আটক অভিযুক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। গতকাল (সোমবার, ২ মার্চ) রাতের এ ঘটনায় নিহতের নাম ছেনোয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে নিহতের স্বামী ও ছেলে নামাজ পড়তে মসজিদে যান। এসময় অভিযুক্ত জানে আলম বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ছেনোয়ারা বেগমকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন:

ঘটনার পর বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে সন্দেহ করে আটক করে। এসময় তার কাছ থেকে রক্তাক্ত একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পুলিশ জানায়, ঘরের আলমিরা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, চুরি করতে গিয়ে চিনে ফেলায় বোনকে হত্যা করে জানে আলম। তবে পুলিশের ধারণা, এর পেছনে পারিবারিক বিরোধও থাকতে পারে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনএইচ