Recent event

কুষ্টিয়ায় চুরির ঘটনায় দুই পক্ষের গোলাগুলি, আহত ৩

দৌলতপুর থানা, কুষ্টিয়া
দৌলতপুর থানা, কুষ্টিয়া | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার দৌলতপুরে চুরির ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হয়েছেন। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে দফাদারপাড়া এলাকায় আনিচুর রহমানের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার সিহাবের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে আনিচুর রহমানের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়।

কয়েক রাউন্ড গুলিবিনিময়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে দৌলতপুর সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার (৫০) ও আশরাফুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

আহত আনিচুর রহমান অভিযোগ করেন, সিহাব ও তার সহযোগীরা তার বাড়িতে চুরি করে আত্মগোপনে ছিলেন। তাদের অবস্থানের খবর পেয়ে সেখানে গেলে প্রতিপক্ষ গুলি চালায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘পূর্ব বিরোধের জেরে গোলাগুলির এ ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনা তদন্তে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসএস