নেত্রকোণায় মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ১

দুর্ঘটনায় উল্টে যায় ট্রলি
দুর্ঘটনায় উল্টে যায় ট্রলি | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার পূর্বধলায় ইটবোঝাই ট্রলি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার ঘটনায় মো. সজুদুল হক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

আজ (শুক্রবার, ১৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম।

এর আগে, বেলা ১২টায় উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজুদুল হক উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

আহতরা হলেন—পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আনাস নিহত সজুদুল হকের নাতি।

আরও পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোছাউড়া থেকে মোটরসাইকেল যোগে তিনজন পূর্বধলার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই একজন নিহত হন।

স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ