Recent event

সুনামগঞ্জে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিলো স্বজনরা

দিরাই থানা, সুনামগঞ্জ
দিরাই থানা, সুনামগঞ্জ | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া হয়েছে বিশেষ ক্ষমতা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদ মিয়াকে (৪৫)। তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামের ওয়াফছর মিয়ার ছেলে।

আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) বিকেলে সাজ্জাদ মিয়ার বাড়ির সামনে হোসেনপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। সাজ্জাদ মিয়ার চাচা নুরুল ইসলাম ও অন্যান্যরা গ্রেপ্তার সাজ্জাদ মিয়াকে হাসকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

হেলাল উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সোমবার বিকালে বিশেষ ক্ষমতা আইনের সিলেটের একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে বাড়ি থেকে গ্রেপ্তার করে হাতকড়া পড়ান দিরাই থানার এস আই হেলাল মিয়া। বাড়ি থেকে থানায় নিয়ে আসার সময় তার চাচা নুরুল ইসলামসহ আরও বেশ কয়েকজন সাজ্জাদকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন:

পরে স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার মধ্যস্থতায় হাতকড়াটি ফেরত এনে পুলিশের কাছে ফেরত দেন এবং তাকে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করার জন্য গ্রামে জরুরি বৈঠকে বসেছেন স্থানীয়রা।

তবে জগদল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লায়েক মিয়া বলেন, ‘শুনেছি সাজ্জাদ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তার আত্মীয়-স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে। হাতকড়াটি পুলিশের হাতেই দেখেছি।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটকের পর তার স্বজনরা ছিনিয়ে নিয়েছে।’

এছাড়া হাতকড়া পুলিশের কাছে রয়েছে দাবি করে তিনি বলেন, ‘ওই আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এসএইচ