Recent event

যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

বিজিবির হাতে পাচারকারী আটক
বিজিবির হাতে পাচারকারী আটক | ছবি: এখন টিভি
1

যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। আজ (শনিবার, ৫ জুলাই) সকালে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। 

এসময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩.০৯৫ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সেজু