ড্রাগন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা; ক্ষোভে ক্ষেতেই স্ট্রোক করলেন কৃষক

ড্রাগন বাগান
ড্রাগন বাগান | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এই ঘটনা ঘটে। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাগান চোখের সামনে এভাবে ধ্বংস হতে দেখে তীব্র মানসিক আঘাতে মাঠেই স্ট্রোক করে লুটিয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক শাহজালাল (ছাকা)।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজমপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহজালাল বিভিন্ন স্থান থেকে ধারদেনা করে এবং কঠোর পরিশ্রমে বেলতলা মাঠে লিজ নেয়া দেড় বিঘা জমিতে একটি ড্রাগন বাগান গড়ে তুলেছিলেন। বাগানের প্রায় তিন হাজার গাছে কেবল ফল আসতে শুরু করেছিল। কিন্তু এক রাতের ব্যবধানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাগানের সবকটি গাছ কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এতে ওই কৃষকের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

আজ (বুধবার, ২৪ জুন) সকালে কৃষক শাহজালাল প্রতিদিনের মতো তার ড্রাগন বাগানে পরিচর্যা করতে যান। মাঠে গিয়ে তিনি দেখতে পান, পুরো বাগানের ফলসহ তিন হাজার গাছ কেটে স্তূপ করে রাখা হয়েছে। এই অমানবিক দৃশ্য দেখার পর তিনি তীব্র মানসিক আঘাত পান এবং মুহূর্তের মধ্যে মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন:

আক্রান্ত কৃষকের পিতা রবিউল ইসলাম এই ন্যাক্কারজনক ঘটনার জন্য স্থানীয় কয়েকজনকে দায়ী করে অভিযোগ করেন, ‘একই গ্রামের মজিবরের ছেলে আলামিন ও আলতাব হোসেনের ছেলে আলিমদের সঙ্গে আমাদের পূর্বশত্রুতা চলছিল। গত এক সপ্তাহ আগে স্থানীয় একটি চায়ের দোকানে বসে তারা প্রকাশ্যে আমার ছেলের ড্রাগন বাগান কেটে দেয়ার হুমকি দিয়েছিল। ওরাই রাতের আঁধারে এসে আমার ছেলের স্বপ্ন শেষ করে দিয়েছে। আমি এই অপরাধীদের কঠোর শাস্তি চাই।’

ঘটনার খবর পেয়ে আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান ও প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন ক্ষতিগ্রস্ত ড্রাগন বাগান পরিদর্শন করেছেন। এসময় ফলন্ত বাগানের এমন ধ্বংসযজ্ঞ দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার খান বলেন, ‘একটি ফলন্ত বাগান এভাবে কেটে ফেলা অত্যন্ত জঘন্য ও কাপুরুষোচিত কাজ। এর মাধ্যমে একজন কৃষকের রুটি-রুজি কেড়ে নেয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষকের ওপর এমন অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।’

এসএস