Recent event

পাবনার টেবুনিয়ায় সূর্যমুখী বাগানে দর্শনার্থীদের ভিড়

দর্শনার্থীদের ভিড় পাবনার সূর্যমুখী চাষ কেন্দ্রে
দর্শনার্থীদের ভিড় পাবনার সূর্যমুখী চাষ কেন্দ্রে | ছবি: এখন টিভি
0

পাবনার টেবুনিয়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। বিগত বছরগুলোর মতো এবারও বারি-৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ হয়েছে কেন্দ্রের প্রদর্শনী খামারগুলোতে। বীজ প্রক্রিয়াজাতকরণের জন্য বাগান সৃজন করা হলেও সেটি এখন দর্শনার্থীদের বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

সবুজের ফাঁকে হলুদের ঝলমলে আয়োজন। গুঞ্জরন তুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। সঙ্গে সৌন্দর্য পিয়াসীদের ভিড়। টেবুনিয়ার বিএডিসি মাঠে অবস্থান সূর্যমুখীর এ বাগান। সোনালি রোদে দুলতে থাকা হলুদ ফুলগুলো প্রকৃতির এক শান্ত ও মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে, যা ভ্রমণপিপাসু মানুষকে মুগ্ধ করে। যা সৌন্দর্যে মুগ্ধ হয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন শিক্ষার্থীসহ নানা বয়সি মানুষ।

ভ্রমণপিপাসুরা জানান, এখানে অনেক ফুল ফোটে তাই অনেকে ঘুরতে আসে। আর পাবনা বাসীদের জন্য এলাকাটি অনেকটা বিনোদনের জন্য কাজ করে।

আরও পড়ুন:

এ বছর খামারের ৩ একর জমিতে আবাদ হয়েছে সূর্যমুখীর। বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ কেজি। এতে একদিকে মিলবে পুষ্টি, অন্যদিকে কমবে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা।

পাবনা ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র উপ-পরিচালক ড. শামীম আহম্মেদ বলেন, ‘আমাদের যে ভোজ্য তেলের প্রয়োজন, তার তিন ভাগের একভাগ আমরা উৎপাদন করি। আর দুই ভাগ আমদানি করতে হয়। এ কারণে সরকার ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছে।’

ভিটামিন-ই, স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ফাইবার এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সূর্যমুখী চাষের মাধ্যমে, সুস্বাস্থ্য রক্ষার পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে এমনটাই প্রত্যাশা।

জেআর