অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই, বিচার হবেই: লেফটেন্যান্ট কর্নেল নিস্তার

লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ
লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ | ছবি: এখন টিভি
1

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেছেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ এ দেশে নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই হবে। আজ (রোববার, ১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

​শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে ঝিনাইদহে পৌঁছান তিনি। পূজা উৎসবস্থল পরিদর্শনকালে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

​পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খুলনা বিভাগের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার বিবরণ তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘খুলনা বিভাগের প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।’

​তিনি আরও জানান, নিরাপত্তা বলয় জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

​পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধিবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। ভক্ত ও পুণ্যার্থীরা যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সার্বক্ষণিক টহল অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এএইচ