সাজেক পর্যটন সড়কে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা

সাজেক পর্যটন সড়ক
সাজেক পর্যটন সড়ক | ছবি: এখন টিভি
0

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আগামীকাল (রোববার, ১১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ নিয়ন্ত্রিত ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাস ও উৎপাতের অভিযোগে এর বিরুদ্ধে প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে এ অবরোধের ঘোষণা এলো।

আজ (শনিবার, ১০ অক্টোবর) সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সাজেকে অবস্থান ও সাধারণ জনগণকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে এবং সশস্ত্র সন্ত্রাসীদেরকে সরিয়ে নেয়ার দাবিতে গত ৮ অক্টোবর আয়োজিত এক সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলো সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। কিন্তু এই সময়ের মধ্যে সন্ত্রাসীদের সরিয়ে নিতে প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এরপরই আজ সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।

আরও পড়ুন:

বিবৃতিতে অভিযোগ করা হয়, গত প্রায় দুই সপ্তাহ ধরে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকের ভুয়োছড়ি, চাইল্যাতলী ও মাচলং ক্যাম্পের আশপাশে অবস্থান নিয়ে এলাকার সাধারণ জনগণকে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে কস্মিতা ত্রিপুরা (৮) নামে একজন শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এসএইচ