আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের শহরতলীর বিআরবি কেবলসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাইনা রানীর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতল পাড়ায়।
আহত বিদ্যুৎ কুমার জানান, স্ত্রী চাইনা রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ। স্ত্রীকে ডাক্তার দেখাতে সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন। শহরের প্রবেশমুখে বিআরবি কেবলসের সামনে চলমান ফোরলেন সড়কের একপাশের কাজ শেষ না হওয়ায় উল্টো রাস্তায় ঢুকে পড়েন বিদ্যুৎ।
এসময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দু’জনেই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চাইনা রানীকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ চালক ও ট্রাকটি শনাক্তে কাজ করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।’





