বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি বিভিন্ন মানবিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে সীমান্ত এলাকার যুবকেরা নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে পারবেন এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। সেই সাথে সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে বলেও জানান তারা।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





