নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ রয়েছে। বর্তমানে পাশের পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ দিয়ে যানবাহন চলাচল করছে।
আরও জানা যায়, শনিবার সকালে আলমাস আলী লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি ঠেলে বিক্রির উদ্দেশ্যে রতনগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ব্রিজ দিয়ে নামার সময় হঠাৎ ঠেলাগাড়িটি উল্টে গেলে তিনি ওই ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ থাকায় ঝুঁকিপূর্ণ পুরোনো ব্রিজের ঢালু অংশ দিয়ে ঠেলাগাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি তিনি শুনেছেন। আলমাস আলী সখীপুরে মারা গেছেন। ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




