পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বড় বাজারের উত্তম মজুমদারের প্লাস্টিকের পণ্যের দোকানে প্রথমে আগুন দেখতে পান। পরে মালনি রোডে ফায়ার সার্ভিস ও মডেল থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে।
ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয়।
স্থানীয়দের সহায়তায় মোট পাঁচটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মজুমদার ইলেকট্রনিকসহ কাপড় ও কুকারিসের প্রায় ছয়টি দোকান পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
এদিকে উৎসুক জনতার ভিড়ের জন্যও কাজ ব্যাহত হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে নিতে কাজ করার সময় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়সহ মোট পাঁচজনের মতো আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কান্তি সরকার জানান, পাঁচটি ইউনিট ও পুলিশের কর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছে। তবে দেখতে আসা উৎসুক জনতা ভিড় করে কাজের কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র বলেন, ‘আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন ও স্থানীয় দুইজন সহকারে পাঁচ জন আহত হয়েছে। তবে কি থেকে আগুনে সূত্রপাত তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।’
আরও পড়ুন:
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলো। তবে ক্রিটিক্যাল অবস্থায় নেই কেউ। স্থানীয় সংসদ সদস্যসহ সবার আন্তরিকতায় আগুন নেভানো গিয়েছে।’




