পবিত্র মক্কা-মদিনায় হামলার চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) | ছবি: সংগৃহীত
0

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা হামলার অপচেষ্টা করা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রয়োজনে লাখ লাখ মুসলিম জীবন দিয়ে হলেও পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন মন্ত্রী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেছেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। এই দুই পবিত্র নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ ও ভালোবাসার কেন্দ্রস্থল।

‘সেখানে যেকোনো হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই মেনে নেয়া হবে না’, স্পষ্ট বার্তা দেন মন্ত্রী।

পবিত্র আল হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মন্ত্রী বলেছেন, ‘পবিত্র দুই নগরীর নিরাপত্তা রক্ষা করা বিশ্বের প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব। বাংলাদেশের জনগণও এই ইস্যুতে আপসহীন।’

বিবৃতিতে মন্ত্রী বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেছেন, বর্তমান ও ভবিষ্যতে পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে নস্যাৎ করে দেয়া হবে।

এএম