ঢাকা-ময়মনসিংহ রেলপথে লাইনচ্যুতির সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রেলপথে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল
ঢাকা-ময়মনসিংহ রেলপথে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল | ছবি: এখন টিভি
0

ঢাকা-ময়মনসিংহ রেলপথে লাইনচ্যুত হওয়া ট্রেনের ৪টি বগি সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে, আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগির ১৬টি চাকা লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় এ রুটে ট্রেন চলাচল। শিবগঞ্জ রেলক্রসিং পার হয়ে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়। ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত কমিটি কাজ করছে।

বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও বিপাকে পড়েন শত শত যাত্রী। দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন তারা।

আরও পড়ুন:

পরে দুপুর ১২টার দিকে কেওয়াটখালি লোকসেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ও দুপুর ১টায় ঢাকা থেকে আসা ক্রেনবাহী আরও একটি উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছে গফরগাঁও রেলওয়ে স্টেশনে। সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ৪টি বগির ১৬টি চাকা লাইনে তুললে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘনঘন এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রী ও স্থানীরা। যাত্রীদের দুর্ভোগ কমাতে দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের সঙ্গে সমন্বয় করা হয়।

এসময় দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত চারটি বগি বাদ দিয়ে বাকি সাতটি বগিতে এবং অপর ট্রেনে যাত্রীদের স্থানান্তর করে গন্তব্যে পাঠানো হয়। এদিকে ঢাকা-ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এসএইচ