নিছামনির বাবাকে অটোরিকশা দিলেন বিএনপি নেতা প্রিন্স

নিছামনির বাবার হাতে অটোরিকশা তুলে দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স
নিছামনির বাবার হাতে অটোরিকশা তুলে দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স | ছবি: এখন টিভি
0

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ার গোয়াতলায় ইউনিয়নের ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিছামনির বাবা রাজু মিয়ার কর্মসংস্থানের জন্য তার হাতে একটি অটোরিকশা (অটোবাইক) তুলে দিয়েছেন।

আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুরে ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি রাজু মিয়ার হাতে অটোবাইকের চাবি তুলে দেন।

অটোবাইক পেয়ে রাজু মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ‘মেয়েকে হারানোর শোক কোনোদিনই কাটবে না। তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি আমি কৃতজ্ঞ।’

একইসঙ্গে নিছামনির ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে তার আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান রাজু মিয়া।

আরও পড়ুন:

এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য ও অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সবসময়ই আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‘একটু উদ্যোগ, একটু চেষ্টা— এনে দেবে সচ্ছলতা’ উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, ‘আজকের এই ছোট্ট উদ্যোগ যদি নিছামনির পরিবারের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, যদি রাজু মিয়া সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, তবে সেটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এ রাষ্ট্রদর্শন বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।’

এসএইচ