দিনাজপুরের বড়গ্রাম সীমান্তে বিজিবির স্বাস্থ্যসেবা ক্যাম্প

বিজিবির স্বাস্থ্যসেবা ক্যাম্প
বিজিবির স্বাস্থ্যসেবা ক্যাম্প | ছবি: এখন টিভি
0

সীমান্তবর্তী জনপদের মানুষের জন্য স্বাস্থ্যসেবা এখনও একটি বড় চ্যালেঞ্জ। জেলা শহরের হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দেয়ার পাশাপাশি বাড়তি অর্থও ব্যয় করতে হয়। এ বাস্তবতায় দিনাজপুর সদর উপজেলার বড়গ্রামে সীমান্তবাসীর জন্য দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শনিবার, ১৮ জুলাই) বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে সকাল থেকেই আশপাশের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এ ক্যাম্পে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পটির উদ্বোধন করেন বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান খান। এ সময় তিনি বলেন, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সীমান্ত এলাকার মানুষ যেন সহজেই প্রাথমিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও বিজিবি বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, সীমান্তবর্তী এলাকা থেকে জেলা শহরে চিকিৎসা নিতে গেলে একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে যাতায়াত ও চিকিৎসা ব্যয়ও অনেকের সামর্থ্যের বাইরে। বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা এবং বিনামূল্যে ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। তারা এ ধরনের ক্যাম্প নিয়মিত আয়োজনের দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের মতে, সীমান্তবর্তী গ্রামগুলোতে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা খুবই সীমিত। ফলে জটিল রোগের চিকিৎসার জন্য দূরে যেতে হয়। বিজিবির এ উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির অংশগ্রহণ নতুন নয়। দুর্যোগে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা ক্যাম্পের মতো বিভিন্ন সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় বড়গ্রামের এই আয়োজনও সীমান্তবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তবে স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শুধু বিশেষ উপলক্ষে নয়, নিয়মিত আয়োজন করা হলে সীমান্ত অঞ্চলের স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকটাই কমে আসবে।

এই হেলথ ক্যাম্পে প্রায় ৬৫০ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং সকলকেই ঔষধ দেয়া হয়।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!