ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু; মশক নিধনে মসিকের ক্রাশ প্রোগ্রাম

মশক নিধন কর্মসূচী
মশক নিধন কর্মসূচী | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। নগরীর নওমহল, বাউন্ডারি রোড, নাহা রোড, মাদ্রাসা কোয়ার্টার, নন্দীবাড়ি, আকুয়া হাজীবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিবারের একাধিক সদস্যও আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে।

হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন অবস্থায় মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি করপোরেশন। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাউন্ডারি রোড এলাকায় কর্মসূচীর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।

এসময় সিটি করপোরেশনের সিইও সুমনা আল মজিদসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় পথচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সিটি প্রশাসক।

আরও পড়ুন:

পাঁচটি ফগার ও একটি স্প্রে মেশিনে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণের সঙ্গে সঙ্গে মাইকিং করা হচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়।

রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, ‘ময়মনসিংহ নগরীর ৬, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে অধিক গুরুত্ব দিয়ে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে। পাশাপাশি নগরীর অন্য ওয়ার্ডগুলোতেও মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে।’

এছাড়া ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীদেরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সিটি প্রশাসক। বিশেষ করে বাসার ছাদ, টব ও নির্মাণাধীন ভবনে যেন পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

এসএস