আজ (সোমবার, ১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়া সৈকত এলাকা থেকে চার জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন— কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ নাফিজ (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।
এ ঘটনায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১) নামে এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে দুর্ঘটনার পর আশপাশের মাছ ধরার ট্রলার ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে সাত জেলেকে জীবিত উদ্ধার করেন। পরে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের মাছ ধরার ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক আহমেদ বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’





