মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হচ্ছে বাসস্ট্যান্ড

মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান
মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

আজ (সোমবার, ১৫ জুন) দুপুরে শুরু হওয়া এ অভিযানে টার্মিনাল এলাকার শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে দোকান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিলো। এসব স্থাপনার কারণে বাস টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিলো এবং যাত্রী ও পরিবহন শ্রমিকদের চলাচলেও নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিলো।

এছাড়া মাসকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি জায়গা দখল করা হয়েছিলো। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ভারী যন্ত্রপাতি ও খননযন্ত্র (এক্সকাভেটর) ব্যবহার করে কংক্রিটের তৈরি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। একে একে উচ্ছেদ করা হয় টার্মিনালের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অন্যান্য স্থাপনা।

আরও পড়ুন:

সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন অভিযান পরিদর্শন করেন। এসময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশল বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, ‘মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস রাখার পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিভিন্ন দোকান ও স্থাপনা নির্মাণ করা হয়েছিলো। এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র নেই। জনস্বার্থে এবং টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের জায়গা কিংবা সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নেই। নগরকে পরিকল্পিত ও যানজটমুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে নিয়মিত।’

চালকরা জানান, টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধ দোকান ও স্থাপনা গড়ে ওঠায় বাস পার্কিং, যাত্রী ওঠানামা এবং যানবাহন চলাচলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতো। এখন টার্মিনালের জায়গা দখলমুক্ত হওয়ায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এসএইচ