রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, আহত ২

দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেটকার
দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেটকার | ছবি: এখন টিভি
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শাহজালালী (৫০)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

রামেক হাসপাতালে মুখপাত্র জানান, আমাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তার এক পাশে ছিটকে পড়েন। এরপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন রিজন। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গাড়িসহ থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

জেআর