রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

গ্রেপ্তার পাঁচজন ও জব্দ করা মাদক
গ্রেপ্তার পাঁচজন ও জব্দ করা মাদক | ছবি: এখন টিভি
0

রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানার যৌথ অভিযান এবং রাজপাড়া থানার একক অভিযানে মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ (শনিবার, ৬ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার ভানুকর এলাকার মো. আবেদ আলীর ছেলে মো. মোশারফ হোসেন (৪২)। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. আকবর আলী (৩২)। একই থানার ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার মৃত রতনের ছেলে মো. সাকিব ওরফে অন্তর (২৬)। একই থানার দাশপুকুর আলীর মোড় এলাকার মো. ফজলু রহমানের ছেলে মো. সিফাত হোসেন ওরফে কাউসার (২৪)। একই থানার দাশপুকুর এলাকার মো. আক্কাস আলীর ছেলে মো. নাসির উদ্দীন (৩৫)।

তিনি আরও জানান, গতকাল রাত পৌনে ৯টায় চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে চন্দ্রিমা থানা ও বোয়ালিয়া মডেল থানার সমন্বয়ে একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে মোশারফকে আটক করে। অভিযানে আসামির হেফাজত হতে ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ৩৯ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন:

একই দিন, রাত ৯টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে রাজপাড়া থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে আসামি আকবর, সাকিব, সিফাত, নাসিরকে আটক করে। অভিযানকালে আসামিদের হেফাজত হতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত ৪টি কাঁচি এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মোশারফের বিরুদ্ধে পূর্বের ১টি ফৌজদারি মামলা, সাকিব ও সিফাতের বিরুদ্ধে ১টি করে মাদক মামলা, নাসিরের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনে ১টি করে মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ইএ