টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

বজ্রপাতে মৃত দুজনের মরদেহ
বজ্রপাতে মৃত দুজনের মরদেহ | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে এক ব্যক্তি ও তার ১০ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) বিকেলে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও তার মেয়ে খাদিজা আক্তার (১০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী ও মেয়েকে নিয়ে আজ (শুক্রবার, ৫ জুন) শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে গিয়েছিলেন খালিদুল। সেখান থেকে দুপুরে মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। পথিমধ্যে শাহদারিপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন বাবা ও মেয়ে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বজ্রপাতে আসব খান নামের এক ব্যক্তির দুটি গরুও মারা গেছে বলে জানা গেছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাখাওয়াত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এএম