চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট এলাকায় পদ্মা নদীতে ট্রাক্টর উল্টে ডুবে গিয়ে জয় বিশ্বাস (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে। তিনি চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ট্রাক্টরের চালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাক্টর দিয়ে নদীতীরবর্তী আমন ধানের জমিতে চাষ করছিলেন জয়। এসময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় এবং তিনি ট্রাক্টরের নিচে আটকা পড়েন।
শুক্রবার সকালে স্থানীয়রা নদীতে ট্রাক্টরের চাকা ও বিভিন্ন অংশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন:
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম চলে আসা অথবা নদীর পাড়ের মাটি ভেঙে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।’
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।’
অন্যদিকে একই দিনে সদরপুর উপজেলার চরকৃষ্ণপুর এলাকার ভূবনেশ্বর নদ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে এলাকাবাসী নদীতে একটি কিশোরীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিয়াকে জানান। পরে তার মাধ্যমে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কিশোরীর বয়স আনুমানিক ১৪ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান রিপন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’
পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





