যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল, পশ্চিম পাড়ে তীব্র যানজট

পশ্চিম পাড়ের যানজট
পশ্চিম পাড়ের যানজট | ছবি: এখন টিভি
0

যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল ও দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেতুর দুই লেনেই যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজটের তীব্রতা বাড়ছে।

যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সারি আরও দীর্ঘ হচ্ছে।

আজ (শুক্রবার, ৫ জুন) সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের মধ্যেই যমুনা সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়া ও একাধিক দুর্ঘটনার ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটে।

আরও পড়ুন:

মহাসড়কে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। দীর্ঘসময় যানজটে আটকে থাকায় ভোগান্তি বাড়ছে মানুষের।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘গতকাল রাত থেকে যমুনা সেতুতে ১২টি যানবাহন বিকল হয়েছে এবং দুইটি দুর্ঘটনা ঘটেছে। রেকার দিয়ে যানবাহন সড়ানো হলেও গাড়ীর অতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়েছে।’

যানজট নিরসনে চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসএস