মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে রাজাকারদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন | ছবি: এখন টিভি
0

মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে প্রয়োজনে রাজাকারদের বিরুদ্ধে আরেকটি গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, একটি দল চব্বিশের জনগণের রক্তাক্ত অভ্যুত্থানকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। কেউ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করে, তাহলে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে একাত্তরের রাজাকারদের বিরুদ্ধে। গণঅভ্যুত্থান করে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে।

আজ (বুধবার, ৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘যারা ১৯৭১ সালে বাংলাদেশকে চায়নি, যারা বাংলাদেশের বিপক্ষে ছিলো, যারা আমাদের মা-বোনদের ধর্ষণ করেছে, বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য পাক হানাদার বাহিনীদের নিয়ে গ্রামের পর গ্রাম চষে বেরিয়েছে, আজ আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘গত ১৭ বছর বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি দাস বানানো হয়েছিলো, আমাদের দেশকে লুটপাট করে নেয়া হচ্ছিলো। সেখান থেকে মুক্তির জন্য চব্বিশের রক্তাক্ত গণঅভ্যুত্থান অবস্থান হয়েছিলো। এই গণঅভ্যুত্থানে মুক্তিযোদ্ধার সন্তানেরা যথেষ্ট ভূমিকা রেখেছিলো।’

এসময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন সহ স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগন ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ