আজ (বুধবার, ২০ মে) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও কলাপাড়া ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহযোগিতায় কলাপাড়ার সাধারণ ছাত্র জনতা এ সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, আভাসের প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম, শিক্ষার্থী হেমা প্রমুখ।
আরও পড়ুন:
সভায় বক্তারা বলেন, ‘এ সপ্তাহে কলাপাড়ার চম্পাপুরে ঘরে ঢুকে এক কলেজ শিক্ষার্থীকে নির্যাতন, চাকামইয়ায় সৌদি আরব থেকে ফিরে আসা এক গৃহবধূকে হত্যা, লালুয়ায় নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার, বালিয়াতলীতে ১০ বছরের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, নীলগঞ্জে সাবেক এক সেনা সদস্যের স্ত্রীকে হত্যা এবং একাধিক মরদেহ উদ্ধার হয়েছে গত ছয় মাসে।’
এসব মামলায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার কিংবা চিহ্নিত করতে পারেনি। এমন মৃত্যুর কারণও এখনো অজানা ভুক্তভোগীর পরিবারের কাছে। তাই এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
এসময় স্কুল কলেজের শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। সভা শেষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও কলাপাড়া ও জাতীয় নারী নির্যাতন ফোরাম সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।




