কালবৈশাখি ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ-ব্যবস্থা, মৌলভীবাজারের তিন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি

মৌলভীবাজারে কালবৈশাখি ঝড়ের ক্ষয়ক্ষতি
মৌলভীবাজারে কালবৈশাখি ঝড়ের ক্ষয়ক্ষতি | ছবি: এখন টিভি
1

আকস্মিক কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলার তিনটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, ছয়টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে শতাধিক স্থানে তার ছিঁড়ে বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। হাজারও গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়েছে।

গতকাল (বুধবার, ৬ মে) রাত ৮টায় কালবৈশাখি ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

সরেজমিনে দেখা ও জানা যায়, কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ও মুন্সিবাজার ইউনিয়ন, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখি ঝড়। ঝড়ে এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক ঘর সম্পূর্ণ এবং আরও প্রায় দেড় শতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। হাজারও গাছগাছালি উপড়ে পড়েছে।

বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে ছয়টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে এবং প্রায় দেড় শতাধিক স্থানে তার ছিঁড়ে বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়েছে। এসব এলাকায় বুধবার কালবৈশাখি ঝড়ের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।

আরও পড়ুন:

পতনউষার ইউপি সদস্য তোয়াবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কালবৈশাখি ঝড়ে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের টিনের চালা উড়ে গেছে। অসংখ্য গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়েছে। বিদ্যুতের লাইনেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন গ্রাহকরা।’

ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, ‘কালবৈশাখি ঝড়ে মুন্সিবাজার ও পতনঊষার এলাকায় গাছগাছালি পড়ে ছয়টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। এছাড়া প্রায় দেড় শতাধিক স্থানে বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতে বাড়তি লোক নিয়োগ করা হয়েছে।’

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘কালবৈশাখি ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দেয়ার জন্য বলা হয়েছে।’

এসএস