কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

মালায়ন নাইট হিরোন
মালায়ন নাইট হিরোন | ছবি: এখন টিভি
0

রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি পাচারকারীদের। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবার পর এটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুর গোপন সংবাদ পেয়ে কাপ্তাই ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, ‘বন বিভাগের অফিস সহকারী ওসমান গণিসহ বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করে।’

আরও পড়ুন:

উদ্ধার অভিযানে অংশ নেয়া বন বিভাগ সদস্য ওসমান গণি বলেন, ‘পাচারকারীরা পাখিটি নিয়ে পাচারের উদ্দেশে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিরল প্রজাতির এই পাখিটি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেয়া হয়।’

রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত পাখিটি বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে। এটি বেশ বিরল প্রজাতির একটি পাখি। আমরা এরইমধ্যে পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। কর্তৃপক্ষের নির্দেশনায় এটা আমরা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এ্যভিয়ারি পার্কে হস্তান্তর করেছি। পরে সেখানে চিকিৎসা সেবা দেবার পর কাপ্তাই জাতীয় উদ্যানে এটাকে অবমুক্ত করা হবে।’

এসএস