আজ (রোববার, ৩ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করেন পদবঞ্চিতরা। এসময় টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নিয়ে সংক্ষুব্ধরা কমিটি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এতে সড়কের দুই প্রান্তে যানবাহন আটকা পড়ে মারাত্মক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা। এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পৌরসভার সামনে থেকে মিছিল বের কাঁঠালতলী দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন।
আন্দোলনকারীদের অভিযোগ ঘোষিত কমিটিতে বিতর্কিত, বিবাহিত, চাঁদাবাজ ও অপহরণে জড়িত ব্যক্তিদের টাকা ও উপহারের মাধ্যমে স্থান দেয়া হয়েছে। এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা দেয়া না হলে হরতালের হুমকি দেন তারা।
আরও পড়ুন:
পরে দুপুর দুইটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ও সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। ঘোষিত কমিটির বিষয়ে উত্থাপিত অভিযোগ নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে আড়াই ঘণ্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এতে শহরজুড়ে স্বস্তি ফিরে আসে।
এর আগে ২ মে রাতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে জেলা ছাত্রদলের ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত কমিটিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পরই পদবঞ্চিতরা আজ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।





