পাবনায় মজুতকৃত বিপুল ডিজেল জব্দ, প্রশাসনের জরিমানা

জব্দকৃত ডিজেল
জব্দকৃত ডিজেল | ছবি: এখন টিভি
1

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ডিজেল মজুত করার দায়ে প্রতিষ্ঠান দুটি থেকে এক লাখ টাকা জরিমানা আদায় ও জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

গতকাল (রোববার, ২৬ এপ্রিল) দিনগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বেড়া উপজেলার কাজিরহাট বাজারের আব্দুল কুদ্দুস ও আব্দুস সালামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানে আব্দুস সালামের প্রতিষ্ঠান থেকে ১২’শ লিটার এবং আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান থেকে ৩৬’শ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা প্রতিষ্ঠান দুইটির মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করে। সোমবার সকাল থেকে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

এএইচ