রাঙামাটিতে গোসলে নেমে কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (‎বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) দুপুরে রাঙামাটি শহরের সেনাবাহিনীর এসএসডি জলযান ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শহরের হ্যাপীর মোড় এলাকার মো. হাসানের ছেলে।

খবর পেয়ে স্থানীয় লোকজন এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

‎আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া প্রত্যক্ষদর্শী মো. দিদারুল ইসলাম বলেন, ‘আমরা চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে জানতে পারি এক শিশু পানির নিচে তলিয়ে গেছে। পরে সবাই মিলে উদ্ধার কাজ চালায়।’

আরও পড়ুন:

‎নিহত শিশুর বাবা হাসান জানান, তার ছেলে আরও দুইজন বন্ধুর সঙ্গে এসএসডি জলযান ঘাটে গোসল করতে যায়। সেখানেই পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

‎রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, 'দুপুর আনুমানিক দেড়টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে'।

‎হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য (এমআই) মো. রাব্বি বলেন, ‘মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।’

এফএস