বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন
বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন | ছবি : পিএম অফিস
1

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওয়ানা দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়া জেলাজুড়ে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এরপর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন, ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

দুপুরে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তার।

বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।


এফএস