জাদুকাটা নদীতে খেয়া নৌকা ডুবি, শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীতে খেয়া নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সুফিয়া বেগম (১০)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকার শাহীনাবাদ গ্রামের সতু মিয়ার মেয়ে। ঈদ উপলক্ষে পশ্চিম পাড়ে নানাবাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয় সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জাদুকাটা নদীর পূর্ব পাড় লাউড়েরগড় থেকে পশ্চিম পাড়ের ঘাগটিয়া ঘাটের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। ঈদ উপলক্ষে শিমুল বাগান ও বারেক টিলা এলাকায় পর্যটকদের ভিড় থাকায় নৌকায় অতিরিক্ত যাত্রী উঠেছিল বলে জানা গেছে।

আরও পড়ুন:

নৌকাটি ডুবে গেলে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও; সাঁতার না জানায় সুফিয়া বেগম পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি খেয়া নৌকার মাঝিদের অতিরিক্ত যাত্রী না নেয়ার জন্য সতর্ক করা হয়েছে।’

এনএইচ